বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা নিয়মিত গান রেকর্ডিংয়ের পাশাপাশি ব্যস্ত থাকেন স্টেজ শো নিয়ে। এবার তিনি প্রকাশ করলেন নতুন গান ‘প্রজাপতি’। বিশেষ এই গানটি প্রকাশ করা হয়েছে তার মেয়ে পায়রার জন্মদিন উপলক্ষে।
গানটির কথায় উঠে এসেছে ভালোবাসা, রঙিন স্বপ্ন আর একসঙ্গে পথচলার গল্প। গানের কথাগুলো এমন—‘তুমি আমি প্রজাপতি/ রঙে মাখামাখি/ উড়ে উড়ে ঘুরে ঘুরে/ প্রিয় ছবি আঁকি/ বিকেলের নরম রোদে/ গোধূলীর অনুরোধে/ প্রেমেরই ডানা মেলে/ পাশাপাশি থাকি।’
গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন দীপ্ত। শুধু কণ্ঠ দেওয়াই নয়, গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও হাজির হয়েছেন লুইপা। তার সঙ্গে রয়েছেন পায়রা।
নতুন গানটি নিয়ে লুইপা বলেন, ‘প্রজাপতি’ গানে প্রজাপতির ডানা মেলেছে আমাদের আদরের পাখি পায়রা। আজ আমার এই বুড়ির জন্মদিন। তার জন্য ভালোবাসার উপহার হিসেবেই মূলত ‘প্রজাপতি’কে আকাশে ওড়ানো হয়েছে। পায়রার জন্য অন্তহীন শুভকামনা ও ভালোবাসা। তার পৃথিবী প্রজাপতির রঙে ভরে থাক।
মেয়ে পায়রার জন্মদিনে ভালোবাসা আর আবেগে ভরা এই গানটি প্রকাশ করে ভক্ত-শ্রোতাদের কাছ থেকেও দারুণ সাড়া পাচ্ছেন লুইপা।
সূত্র : রাইজিংবিডি





