মানিকগঞ্জের সাটুরিয়ায় মায়ের সঙ্গে অসদাচরণ ও ঘর ভাঙচুরের অভিযোগে নেশাগ্রস্ত সোহেল রানাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মৃত শমসের আলীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওই গ্রামেরই বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার রাতে নানা বাড়িতে অবস্থানকালে নেশাগ্রস্ত অবস্থায় সোহেল রানা তার মায়ের সঙ্গে অসদাচরণ করেন এবং ঘরের দরজা-জানালা ভাঙচুর করেন। পরদিন সকালে ভুক্তভোগী মা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।





