শিরোনাম
Advertisement
সারাদেশ

বিএনপির উন্নয়নের ট্রেন ইতিমধ্যে যাত্রা শুরু করেছে: এমপি জিন্নাহ কবির

Advertisement
ঘিওরের শোলধারায় আলোচনা সভায় বক্তব্য রাখছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির উন্নয়নের ট্রেন ইতিমধ্যে যাত্রা শুরু করেছে।

​শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের শোলধারা এলাকায় আয়োজিত সামাজিক সচেতনতা, মাদকবিরোধী আলোচনা এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​তিনি বলেন, কৃষক ও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন না ঘটলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যে ‘কৃষি কার্ড’ চালু করা হয়েছে এবং ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার কৃষকের মাঝে তা বিতরণ করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে শোলধারার প্রকৃত কৃষকদের হাতেও কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে।

​সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির আরও বলেন, তারেক রহমান জনগণের সঙ্গে কখনো বেইমানি করবেন না এবং জনগণকে বিপদে ফেলে দেশ ছেড়ে চলে যাবেন না।

​নারীদের ভাগ্যোন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, অভাব ও অনটনের কারণে অনেক নারী পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ অবস্থার পরিবর্তনে প্রতিটি নারীকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, যার মাধ্যমে নারীরা স্বাবলম্বী ও আত্মমর্যাদাবান হয়ে উঠবেন।

​তিনি জানান, ইতিমধ্যে এই ইউনিয়নে ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়েছে। বেশ কিছু ছোট সড়ক নির্মিত হয়েছে এবং ১৫টিরও বেশি কাবিখা-কাবিটা ও টিআর বরাদ্দের মাধ্যমে স্থানীয় উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। উন্নয়নের এই যাত্রা শুরু হয়েছে এবং ঢাকা থেকে উন্নয়নের ছোঁয়া সরাসরি শোলধারায় পৌঁছাবে।

​এমপি দৃঢ়তার সঙ্গে বলেন, সড়ক, সেতু, কালভার্ট, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের তালিকা প্রস্তুত করা হয়েছে। ঘিওর উপজেলার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও মন্দির উন্নয়নে ২২৯ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। আগামী ছয় মাসের মধ্যে সেতু, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়সহ সার্বিক উন্নয়নের কাজ দৃশ্যমান হবে। বক্তব্যের শেষে তিনি সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবীর, বানিয়াজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ও বানিয়াজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল আওয়াল, আলোর দিশারী যুব সংঘের সাধারণ সম্পাদক মো. আওয়াল ফজরসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ