সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেল যৌথ ভাবে ‘নিরাপদ সড়ক সবার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং টেকসই নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের সড়ক ব্যবহারকারীর দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর গুলোর সমন্বিত কার্যক্রম জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির তাগিদ দেওয়া হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমেই কেবল সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রকৌশলী মোস্তফা কামাল, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর-উৎ-বাতিল আহমেদ, গোলড়া হাইওয়ে থানার প্রতিনিধি দেওয়ান কউসিক আহমেদ, বিআরটিসি উথুলী প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক ইবাদুল ইসলাম, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে একটি বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়।





