সংক্রামক রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।
বুধবার (২৮ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলা হয়।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা-পরবর্তী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
জেলা প্রশাসক বলেন, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। খাবার গ্রহণের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। নিয়মিত হাত ধোয়ার এই সহজ অভ্যাস ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় বক্তারা আরো বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চায় অভ্যস্ত করতে হবে এবং হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে তাদের সচেতনতা বাড়াতে হবে। জনসচেতনতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে হাত ধোয়ার এই অভ্যাস সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া গেলে সংক্রামক রোগের ঝুঁকি হ্রাসের পাশাপাশি একটি সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম, সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার সরকার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. দবিরুল ইসলাম।
উল্লেখ্য, এ বছর বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘হাত ধোয়ার বীর হোন’ (Be a Handwashing Hero)। দৈনন্দিন জীবনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে রোগের ঝুঁকি কমানোই এই প্রতিপাদ্যের মূল লক্ষ্য।





