টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলতি রবি মৌসুমে নির্বিঘ্নে ও সফলভাবে ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
সভায় বক্তারা রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষকদের দ্বারে সময়মতো মানসম্মত সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিতকরণ এবং সামগ্রিক কৃষি উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার বিষয়ে বিষদ আলোচনা করেন।
বক্তারা জোর দিয়ে বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি করতে কৃষি বিভাগ, সার ডিলার ও সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় স্থাপন করা অত্যন্ত জরুরি। কৃষকদের ন্যায্য মূল্যে ও চাহিদানুযায়ী নিরবচ্ছিন্নভাবে কৃষি উপকরণ পৌঁছানো এবং মাঠ পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি ও নিবিড় পরামর্শমূলক সহযোগিতা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও ব্যক্ত করেন যে, কৃষকই আমাদের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। কৃষকের মুখে হাসি ফোটানো এবং কৃষি খাতকে আরও সমৃদ্ধশালী করতে সংশ্লিষ্ট সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, নাগরপুর উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান। অনুষ্ঠানটি সুসংহতভাবে পরিচালনা করেন রাজীব কুমার সূত্রধর।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা।
সভায় স্থানীয় কৃষি অফিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, সার ডিলার এবং প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।





