“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন চালক, যাত্রী ও পথচারীসহ সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি। ট্রাফিক আইন মেনে চলা এবং নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করলে সড়কের প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। পরে দিবসটি উপলক্ষে সড়ক নিরাপত্তায় করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হক, বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. ইউসুফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।





