সড়কে দুর্ঘটনা কমানো ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মানিকগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের করণীয়, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, তিন চাকার যান ও মোটরসাইকেল সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। এ কারণে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে কোনো অবস্থাতেই তিন চাকার যানবাহন চলতে দেওয়া হবে না। এছাড়া রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে নামানো যাবে না। লাইসেন্সবিহীন কোনো চালকের হাতে গাড়ি তুলে দেওয়া যাবে না এবং হেলপার যেন কোনোভাবেই গাড়ি না চালায়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কের ত্রুটিগুলো দূর করতে সড়ক ও জনপথ বিভাগকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রাণী কর্মকার, মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি খন্দকার তুহিন।
সভায় এছাড়া বিভিন্ন বাস মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধি এবং হাইওয়ে ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





