মানিকগঞ্জের ঘিওরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক মেহেদী হাসান রনিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রনি ঘিওর উপজেলার কুস্তা গ্রামের আব্দুর রাশেদের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ঘিওর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাশকতার মামলায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।





