শিরোনাম
Advertisement
কৃষি

সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি: ৭ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা

Advertisement
দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ৭টি কোম্পানির সারে ভেজালের উপস্থিতি ধরা পড়েছবি: সারাক্ষণ সংবাদ

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ এবং এই দেশের উৎপাদিত ফসলের ওপরই নির্ভর করে আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি।

তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, সাধারণ কৃষকেরা প্রায়ই চকচকে মোড়কের ফাঁদে পড়ে জমিতে ভেজাল সার প্রয়োগ করছেন। যার ফলে জমিতে তাঁরা কাঙ্ক্ষিত উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষকদের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য জেলার সাটুরিয়া উপজেলার বেশ কয়েকটি দোকান থেকে ১৬টি প্যাকেটজাত সারের নমুনা সংগ্রহ করে কৃষি বিভাগ। পরবর্তীতে সেই নমুনা গুলো মৃত্তিকা সম্পদ উন্নয়ন গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ৭টি কোম্পানির সারে ভেজালের উপস্থিতি ধরা পড়ে।

ভেজাল সার উৎপাদনকারী কোম্পানি ও প্যাকেটজাত সার গুলোর ​হলো,ব্যাবিলন এগ্রো এন্ড ডেইরী লিঃ এর ব্যাবিলন বোরন,ব্যাবিলন এগ্রিসাইন্স লিঃ এর ব্যাবিলন জিংক(জিংক সালফেট মনোহাইড্রেট),নিড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ এর নিড সলুবোর,এগ্রো মাইন (প্রাঃ) লিঃ এর সলিড জিংক মনো,হোসেন এন্টারপ্রাইজ সি.সি লিঃ এর বিজয় জিংক সালফেট মনোহাইড্রেট,ভেলকো এগ্রো ইন্ডাস্ট্রিজ এর মনো জিংক (জিংক সালফেট মনোহাইড্রেট),গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর জিবি জিংক ( মনোহাইড্রেট)।

সরেজমিন অনুসন্ধানে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জেলার সাটুরিয়া উপজেলার প্রান্তিক চাষিদের মাঝে এই ভেজাল প্যাকেটজাত সার বিক্রির জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা (ব্লক সুপারভাইজার) কোম্পানি গুলোকে সহায়তা করেছেন। অন্য দিকে, সরকার ও কীটনাশকের নির্ধারিত দোকান গুলোতেও মিলছে সেই ভুইফোর কোম্পানির সব ভেজাল সার।

কৃষি বিভাগের গবেষণাগার পরীক্ষায় ৭টি প্রতিষ্ঠানের সার ভেজাল প্রমাণিত হওয়ার তালিকা
কৃষি বিভাগের গবেষণাগার পরীক্ষায় ৭টি প্রতিষ্ঠানের সার ভেজাল প্রমাণিত হওয়ার তালিকাছবি: সারাক্ষণ সংবাদ
 

​জমিতে সার প্রয়োগের পরও কাঙ্ক্ষিত ফলন না পেয়ে কৃষি বিভাগে অভিযোগ করেন ভুক্তভোগী একাধিক চাষি। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২১ ডিসেম্বরে, চর তিল্লী গ্রামের মেসার্স আলমগীর ট্রেডার্স, চর সাটুরিয়ার মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ, কুষ্টিয়ার বারী এন্টারপ্রাইজ, বালিয়াটি বাজারের আরিফ এন্টারপ্রাইজ, পুলক ট্রেডার্স এবং আরো বেশ কয়েকটি কীটনাশকের ১০টি দোকান থেকে ১৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে ( সংশিষ্ট গবেষণা কেন্দ্রে) পাঠানো হয়। পরে চলতি মাসের ৮ তারিখে পরীক্ষার ফলাফল হাতে পায় কৃষি বিভাগ। প্রাপ্ত ফলাফলে স্পষ্ট ৭টি কোম্পানির সারে ভেজাল পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

জেলার কৃষি প্রধান উপজেলা সাটুরিয়া এবং এই অঞ্চলে ৩৭ হাজারেরও বেশি কৃষক ভেজাল সার ও কীটনাশক কোম্পানির প্রতারণার শিকার হয়েছে। দীর্ঘ গবেষণায় এসব পণ্যের কার্যকারিতা কম প্রমাণিত হওয়ায় এ গুলোকে ভেজাল হিসেবে চিহ্নিত করা হয়।

​এই অভিযোগের ভিত্তিতে উপজেলা কৃষি বিভাগ সংশ্লিষ্ট কোম্পানি ও ডিলারদের বাজার থেকে অবিলম্বে এসব পণ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

উপজেলার কামতার চাষি রশিদ বলেন,আমি বেশ কয়েক বছর ধরে সবজি চাষ করছি। গত বছর কিছু প্যাকেটজাত সার ব্যবহার করায় খেতের যথেষ্ট ক্ষতি হয়। বাজারে চমকপ্রদ মোড়কে এ ধরনের সার পাওয়া যায়। যদিও ব্লক সুপারভাইজারসহ দোকানিরা এসব সার কিনতে উৎসাহ জোগান, তবে ওই সার ব্যবহারে কোনো লাভ হয় না।

​সাটুরিয়ার হরগজ ইউনিয়নের চাষি এ. কে. এম. নূরুল হক বলেন, এই ইউনিয়নে প্রথমে আমি কপি চাষ শুরু করি । আমার দেখাদেখি এখন সবাই ফুলকপি, বাঁধাকপি ও আলু চাষ করেন। তখনকার সার গুলো ভালো কাজ করলেও বর্তমানে বাজারে প্রচলিত সার গুলো কৃষকের কোনো উপকারে আসছে না। ভেজাল সার ও কীটনাশক ব্যবহারের কারণে কৃষকরা প্রতারণার শিকার হচ্ছেন।

​ওই এলাকাসহ উপজেলার একাধিক অঞ্চলের আরও চাষি অভিযোগ করে বলেন, সবজি খেতের ফলন ভালো করতে কোন সার ব্যবহার করা উচিত, এমন পরামর্শ চাইলে সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজাররা নির্দিষ্ট কোনো দোকানে যাওয়ার কথা বলে দেন। এরপর সরল বিশ্বাসে সেই দোকানে গেলে দোকানিরা প্রতিষ্ঠিত কোম্পানির সারের পরিবর্তে নিম্নমানের সার ধরিয়ে দেন। ওই সার ব্যবহার করে ভালো ফলন তো দূরের কথা, ফসলের বড় ধরনের ক্ষতি হয়। এই অসাধু চক্রের সঙ্গে ব্লক সুপারভাইজার ও দোকানিরা জড়িত বলেও তাঁরা মন্তব্য করেন।

​ধানকোড়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ব্লকের সুপারভাইজার আবুল কালাম আজাদ ও নাজমুল কামাল বলেন, তাঁরা সব সময় নামিদামি কোম্পানির প্যাকেটজাত সার ব্যবহারের পরামর্শ দেন। তবে নিম্নমানের সার ব্যবহারের জন্য কৃষকদের উৎসাহিত করার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

​গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেডের মার্কেটিং অফিসার আলমগীর হোসেন বলেন, কৃষকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনো অভিযোগ পাননি। তবে প্রক্রিয়াজাতকরণে দেরি হলে বা দীর্ঘ সময় মজুদ থাকলে জিংকের মাত্রা কিছুটা কমে যেতে পারে। বর্তমান নতুন পণ্য গুলোতে এই মাত্রা ঠিক আছে। এছাড়া বাজার থেকে পণ্য প্রত্যাহারের কোনো চিঠি বা নোটিশ এখন পর্যন্ত পাই নি বলেও মন্তব্য করেছেন কোম্পানির এই কর্মকর্তা ।

​অপর আরেক প্রতিষ্ঠান নিড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং অফিসার জয়নাল আবেদীন এর সঙ্গে প্রতিবেদকের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সার বা পণ্যের পরিবহন কিংবা প্যাকেটজাত করার কারণে সামান্য পরিমাণে উপাদান কম হতে পারে। তবে সিসা বা ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর উপাদান সহনীয় মাত্রার নিচে থাকায় তা পরিবেশ ও ফসলের জন্য নিরাপদ। দীর্ঘদিন গুদামজাত করা বা খোলা অবস্থায় প্যাকেজিং করা পন্য রাখলে কিছু ক্ষেত্রে মান কমতে পারে। তবে বর্তমানে আমদানি করা পণ্যের ক্ষেত্রে ল্যাব টেস্টের রিপোর্ট শতভাগ নিশ্চিত করেই খালাস করা হয়।

উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসুম বলেন,২০২৫ সালে ১০টি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোম্পানির ১৬টি কৃষিপণ্য (সার ও কীটনাশক) নমুনা হিসেবে সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৭টি কোম্পানির পণ্যের কার্যকারিতা সরকারি নির্দেশনার চেয়ে কম পাওয়ায় সে গুলোকে ভেজাল হিসেবে চিহ্নিত করা হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭(২)(ঘ) উপধারা অনুযায়ী এগুলো ভেজাল সার এবং এই ধরনের সার ও কীটনাশক মজুদ বা ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। ভেজাল প্রমাণিত হওয়ার পর অভিযুক্ত কোম্পানি গুলোকে চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে বাজার থেকে তাদের পণ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের স্বার্থকে সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তাদের সহজ-সরলতার সুযোগ নিয়ে কোন প্রতারণা করার সুযোগ নাই। কেন ডিলার এই ভেজাল সার ও প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তাদের কোন ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন এই কর্মকর্তা।

এ বিভাগের আরও সংবাদ