শিরোনাম
Advertisement
বিশেষ প্রতিবেদন

দূষণের কবলে মানিকগঞ্জ, বাড়ছে ক্ষতিকর গ্যাসের ঘনত্ব

Advertisement
তিনটি ক্ষতিকর গ্যাসের ঘনত্ব বেড়েছে,দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে পরিবেশ অধিদপ্তরছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের বায়ুমণ্ডলে বাড়ছে একাধিক দূষক গ্যাসের উপস্থিতি। গত পাঁচ বছরে জেলায় ফরমালডিহাইড, ওজোন ও মিথেনের ঘনত্ব বৃদ্ধির উল্লেখযোগ্য প্রবণতা পাওয়া গেছে। অন্যদিকে কমেছে নাইট্রোজেন ডাই-অক্সাইডের ঘনত্ব। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের বায়ুমণ্ডলীয় দূষণের যে চিত্র উঠে এসেছে, তাতে মানিকগঞ্জকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ দূষণপ্রবণ গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ গবেষণায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের ৬৪ জেলার বায়ুমণ্ডলীয় দূষকের প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল-৫পি (Sentinel-5P) স্যাটেলাইটের ট্রপোমি (TROPOMI) যন্ত্র থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করে পাঁচটি গ্যাস—সালফার ডাই-অক্সাইড (SO₂), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), ওজোন (O₃), ফরমালডিহাইড (HCHO) ও মিথেন (CH₄)—পর্যবেক্ষণ করেন গবেষকেরা।

গবেষণায় কে-মিনস (K-means) ক্লাস্টারিং পদ্ধতিতে দেশের ৬৪টি জেলাকে দূষকের ধরন ও মাত্রা অনুযায়ী পাঁচটি গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। এতে মানিকগঞ্জ রয়েছে ‘ক্লাস্টার-২’ বা ‘হাই মাল্টি-পলিউট্যান্ট’ (উচ্চ বহু-দূষক) শ্রেণিতে। এই ক্লাস্টারে রয়েছে দেশের ২৩টি জেলা। দূষণের সামগ্রিক ক্রমানুসারে মানিকগঞ্জ দেশের দ্বিতীয় সর্বোচ্চ দূষণপ্রবণ গোষ্ঠী।

গবেষণায় মানিকগঞ্জের বায়ুমণ্ডলে তিনটি দূষক গ্যাসের উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতা পাওয়া গেছে। এর মধ্যে ফরমালডিহাইডের (HCHO) ঘনত্ব বৃদ্ধির প্রবণতা রয়েছে দেশের ৩৫টি জেলায়। এই তালিকায় রয়েছে মানিকগঞ্জও। অন্যদিকে ওজোনের (O₃) ঘনত্ব বৃদ্ধির প্রবণতা পাওয়া গেছে দেশের ৫৪টি জেলায়। মিথেনের (CH₄) ক্ষেত্রে এই সংখ্যা ৬১।অর্থাৎ ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে মানিকগঞ্জে ফরমালডিহাইড, ওজোন ও মিথেনের ঘনত্ব বৃদ্ধির পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য প্রবণতা শনাক্ত করেছেন গবেষকেরা।

পরিবেশগতভাবে এই তিনটি গ্যাসের প্রভাবও ভিন্ন। ফরমালডিহাইড বিভিন্ন দহন প্রক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। ভূমিস্তরের ওজোন একটি গৌণ বায়ুদূষক, যা সূর্যালোকের উপস্থিতিতে নাইট্রোজেন অক্সাইড ও উদ্বায়ী জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়। এটি মানুষের শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর। অন্যদিকে মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, যা বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখে।

গবেষকদের বিশ্লেষণে উচ্চ বহু-দূষক ক্লাস্টারের দূষণ পরিস্থিতির সঙ্গে শিল্পকারখানা, যানবাহন এবং কৃষি-শিল্প সংশ্লিষ্ট দহন কার্যক্রমের সম্পর্ক তুলে ধরা হয়েছে। এ ধরনের দূষণ মোকাবিলায় অঞ্চলভিত্তিক নীতিগত পদক্ষেপের সুপারিশ করেছেন তাঁরা। বিশেষ করে শিল্পকারখানার নির্গমন নিয়মিত পর্যবেক্ষণ, বিদ্যুৎকেন্দ্র ও কৃষি-শিল্প স্থাপনা থেকে নির্গত সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইড নিয়ন্ত্রণ এবং জ্বালানির মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গবেষকদের মতে, সব জেলার জন্য একই ধরনের নীতি গ্রহণ না করে দূষণের ধরন অনুযায়ী পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

পরিবেশবাদী সংগঠক নজরুল ইসলাম বলেন, মানিকগঞ্জে একাধিক দূষক গ্যাসের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিবেশ ব্যবস্থাপনার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে শিল্পকারখানা, যানবাহন, কৃষি ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সম্ভাব্য দূষণের উৎসগুলো চিহ্নিত করে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। অন্যথায় দূষণের প্রকৃত উৎস শনাক্ত ও নিয়ন্ত্রণের অভাবে জেলার পরিবেশগত ঝুঁকি মোকাবিলা কঠিন হয়ে পড়তে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান বলেন,“ বায়ুমণ্ডলে ফরমালডিহাইড, ওজোন ও মিথেনের ঘনত্ব বৃদ্ধির প্রবণতা জেলার পরিবেশগত পরিস্থিতির জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। স্যাটেলাইটের তথ্য থেকে দূষকের এই প্রবণতা ও বিস্তৃতি সম্পর্কে ধারণা পাওয়া গেলেও শুধু এ তথ্য দিয়ে দূষণের নির্দিষ্ট উৎস বা মানুষের স্বাস্থ্যঝুঁকির মাত্রা নিশ্চিত করা যায় না। এজন্য মাঠপর্যায়ে বায়ুর মান পরিমাপ, দূষণের উৎস শনাক্ত এবং শিল্পকারখানা, ইটভাটা, যানবাহন ও কৃষি কার্যক্রমের নির্গমন আলাদাভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। বিশেষ করে মানিকগঞ্জের মতো শিল্প ও কৃষিনির্ভর এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন এবং পরিবেশগত তদারকির ঘাটতি থাকলে দূষণের মাত্রা আরও বাড়তে পারে। তাই এলাকাভিত্তিক দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা গ্রহণ, নিয়মিত বায়ুমান পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা জরুরি।”

মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, মানিকগঞ্জে বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর কাজ করছে। দূষণ প্রতিরোধে নিয়মিত মনিটরিং, বিভিন্ন শিল্পকারখানায় অভিযান পরিচালনা এবং বায়ু ও পরিবেশের বিভিন্ন উপাদানের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে দূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ