শিরোনাম
Advertisement
বিশেষ প্রতিবেদন

১৬শ কোটির মহাসড়কে অনিয়ম: শেষ পর্ব

পরিবেশ ছাড়পত্র ছাড়াই কর্মযজ্ঞ, ‘এক্সিট প্ল্যান’ শূন্য মহাসড়ক

Advertisement
ছবি: সংগৃহীত

আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্বে অর্থ লোপাট ও কারিগরি নকশার গলদ ফুটে উঠলেও এর প্রশাসনিক ও কৌশলগত শূন্যতা আরও গভীর । অনুসন্ধানের শেষ পর্বে উঠে এসেছে পরিবেশ ছাড়পত্রহীন কাজ, প্যাকেজওয়ারী কাজের চরম অসঙ্গতি এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বকরণের কোনো ‘এক্সিট প্ল্যান’ না রাখার তথ্য। আজ থাকছে পাঠকদের জন্য ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৩৫ কোটি ১০ লাখ টাকা। ২০২১–২০২২ থেকে ২০২৫–২০২৬ এই পাঁচ অর্থবছরে ব্যয় পরিকল্পনা করা হয়। প্রথম অর্থবছরে ৫ কোটি ৪১ লাখ টাকা বরাদ্দের প্রাক্কলন থাকলেও প্রকল্প অনুমোদনে বিলম্ব ও ঠিকাদার নিয়োগ না হওয়ায় কোনো অর্থ ব্যয় হয়নি। ২০২২–২০২৩ অর্থবছরে ৫৬৫ কোটি ২৯ লাখ টাকার প্রাক্কলনের বিপরীতে ৪৭৮ কোটি ৫৫ লাখ টাকা, ২০২৩–২০২৪ অর্থবছরে ২৫০ কোটি টাকা এবং ২০২৪–২০২৫ অর্থবছরে ৩৮৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় করা হয়। সর্বশেষ ২০২৫–২০২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত ১২৪ কোটি ৮২ লাখ টাকা ছাড়ের বিপরীতে ১০১ কোটি ১১ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। সব মিলিয়ে এ সময় পর্যন্ত প্রকল্পে মোট ১ হাজার ১৭৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হয়েছে, যা মোট অনুমোদিত বাজেটের প্রায় ৭১.৭৭ শতাংশ।

প্রকল্পের প্রায় ৯৮ শতাংশ অর্থ অবকাঠামো নির্মাণ ও মূলধন খাতে বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে জমি অধিগ্রহণ, সড়ক বাঁধ নির্মাণ, নতুন সড়ক তৈরি, বিদ্যমান সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ, বিটুমিনাস ও ঢালাই সড়ক নির্মাণ, সেতু, আন্ডারপাস, কালভার্ট, ড্রেন ও প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। জমি অধিগ্রহণে মূল বরাদ্দ ৬৯ কোটি ৩০ লাখ টাকা হলেও মে ২০২৬ পর্যন্ত ব্যয় হয়েছে ৭১ কোটি ৮২ লাখ টাকা। এ ছাড়া ১৫টি পিসি গার্ডার সেতু নির্মাণে ১২১ কোটি ৩৪ লাখ টাকা, সাতটি আন্ডারপাসে ৪৭ কোটি ৪২ লাখ টাকা এবং পানি নিষ্কাশন ও প্রতিরক্ষা ব্যবস্থায় ৭০ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। যানবাহন ও জরিপ-পরীক্ষার সরঞ্জাম কেনা, ইউটিলিটি লাইন স্থানান্তর, গাছ উপাটন ও বনায়নের জন্যও অর্থ রাখা হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১৬ কোটি ৩ লাখ টাকা করে ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি বরাদ্দ দেওয়া হয়েছে।

তবে প্রকল্পের রাজস্ব খাতে বরাদ্দ ৪৫ লাখ ৭২ হাজার টাকার মধ্যে মে ২০২৬ পর্যন্ত শুধু জরিপ খাতে ১৭ লাখ টাকা ব্যয় হয়েছে। অন্য উপখাতগুলোতে কোনো ব্যয় দেখানো হয়নি।

সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্র ঘেঁটে ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, ১,৬৩৫ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে বিস্তারিত পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ), পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা (ইএমপি) এবং ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা (টিএমপি) রাখা আবশ্যকীয় শর্ত । কিন্তু সওজ ফিজিবিলিটি স্টাডি না করায় প্রকল্প দলিলে ইআইএ, ইএমপি কিংবা টিএমপি সংক্রান্ত কোনো রিপোর্টই অন্তর্ভুক্ত করেনি । ফলে নির্মাণকালীন তীব্র ধূলা দূষণে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে ।প্রকল্পের মোট ১০টি ওয়ার্ক প্যাকেজের (WP-01 থেকে WP-10) অগ্রগতি বিশ্লেষণ করে সওজের গাফিলতি ধরা পড়েছে । মে ২০২৬ পর্যন্ত সার্বিক ভৌত অগ্রগতি ৭২ শতাংশ হলেও প্যাকেজভেদে কাজের অগ্রগতিতে বিশাল বৈষম্য রয়েছে। প্যাকেজ WP-06 এই অংশে ভৌত অগ্রগতি মাত্র ৩২ শতাংশ ।প্যাকেজ WP-04 ও WP-07 দুই প্যাকেজেই কাজ হয়েছে মাত্র ৪৯ শতাংশ । বিপরীতে প্যাকেজ WP-09-এ ৮৬ শতাংশ এবং প্যাকেজ WP-10-এ ৮৯ শতাংশ কাজ শেষ হয়েছে । একই মহাসড়কের কোথাও চার লেনের মসৃণ সড়ক হলেও কয়েক কিলোমিটার পরপরই রয়েছে বিপজ্জনক কাঁচা অংশ ও খানাখন্দ ।

প্রকল্পের মূল অনুমোদিত ডিপিপিতে জমি অধিগ্রহণে প্রাক্কলিত বাজেট ছিল ৬৯ কোটি ৩০ লাখ টাকা । অথচ মে ২০২৬ পর্যন্ত অধিগ্রহণ পুরোপুরি শেষ না হতেই প্রাক্কলনের চেয়ে ২কোটি ৫২ লাখ টাকা বেশি বা ৭১ কোটি ৮২ লাখ টাকা (১০৩% টাকা) উত্তোলন করে খরচ করা হয়ে গেছে । এত টাকা খরচের পরও মানিকগঞ্জ ও টাঙ্গাইল উভয় অংশে ৭ ধারার নোটিশ জারি ও মূল্যায়ন শেষ না হওয়ায় জমি হস্তান্তরিত হয়নি এবং ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ বঞ্চিত রয়েছেন । ৫৮.৫০ কিলোমিটার মহাসড়কে গণপরিবহন থামানো ও যাত্রীদের নিরাপদে ওঠানামার জন্য কোনো নির্দিষ্ট ‘বাস বে’ বা আধুনিক যাত্রী ছাউনি রাখা হয়নি । অন্যদিকে নির্মিত পিসি গার্ডার সেতুগুলোর ডেক স্ল্যাবে পানি নিষ্কাশনের জন্য প্রমিত ২ শতাংশ ক্রস স্লোপ বিবেচনা না করেই ঢালাই সম্পাদন করা হয়েছে, যার ওপর ওয়েয়ারিং কোর্স সম্পন্ন না করায় ঝাঁকুনির সৃষ্টি হচ্ছে ।

প্রকল্প সমাপ্তির পর সড়ক পরিচালনা, বার্ষিক মেরামত বাজেট এবং জমি ও নকশা হস্তান্তরের কোনো সুনির্দিষ্টি এক্সিট প্ল্যান ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়নি । ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মহাসড়কটি হস্তান্তরের পর উপযুক্ত তদারকির অভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ।

নির্মাণকালে ধূলিদূষণ রোধে নিয়মিত পানি ছিটানোর কথা থাকলেও আইএমইডি’র জরিপে ৪৬.১ শতাংশ বাসিন্দারা জানিয়েছেন পানি কেবল ‘মাঝে মাঝে’ ছিটানো হয়, আর ৭.৩ শতাংশ জানিয়েছেন ‘কখনও পানি ছিটানোই হয় না’ । অপরিকল্পিতভাবে নির্মাণসামগ্রী ও ড্রেনের আবর্জনা ফেলে রাখায় ১০ শতাংশ পথচারী প্রতিদিন সরাসরি দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন এবং চলাচলে বাধার সম্মুখীন হচ্ছেন ।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (আইন) মো:খালেদ হাসান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মেগা প্রকল্গুলোতে ইআইএ করা হয়ে থাকে। এতে করে পরিবেশ,প্রতিবেশ, জলজ ও উদ্ভিদ এক কথায় পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা হয়। কেউ কোন প্রকল্প পরিবেশগত সমীক্ষা ছাড়া নির্মান কাজ করলে পরিবেশের ক্ষতি সাধন হয়। কোন প্রকল্প নিয়ে কারো কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ শিক্ষক ও সংগঠন ইয়াসিনুর রহমান বলেন, অর্থনীতির উন্নয়ন করতে হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। তবে নির্মান কাজে নির্ধারিত নিয়ম নীতি অনুসরন করে সড়ক নির্মান করা উচিত । তা না হলে সড়ক নির্মানের পূর্নাঙ্গ সুফল পাওয়া যাবেনা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ইন্তাজ উদ্দিন বলেন, বড় অবকাঠামো প্রকল্পে অর্থ ব্যয়ের হিসাবের পাশাপাশি নির্মাণের পর সেটি কতটা টেকসই হবে, তা নিয়েও জবাবদিহি থাকা প্রয়োজন। সড়ক নির্মাণ শেষ হওয়ার পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার, নিয়মিত মেরামতের জন্য কী পরিমাণ অর্থ বরাদ্দ থাকবে এবং ত্রুটি দেখা দিলে তা কীভাবে সমাধান করা হবে এসব বিষয়ে আগেই সুস্পষ্ট পরিকল্পনা থাকা দরকার। তা না হলে পরিকল্পনার অভাবে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে, আর শেষ পর্যন্ত এর ভোগান্তি ও আর্থিক দায় জনগণকেই বহন করতে হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক, পরিবহন বিশেষজ্ঞ ও দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাসিব মোহাম্মদ আহসান বলেন, “একটি মহাসড়ক নির্মাণের ক্ষেত্রে শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না; এর নকশা, পানি নিষ্কাশন, যানবাহন চলাচলের নিরাপত্তা এবং নির্মাণকালীন ট্রাফিক ব্যবস্থাপনাও যথাযথভাবে নিশ্চিত করতে হবে। একই সড়কের বিভিন্ন অংশে কাজের অগ্রগতিতে বড় ধরনের পার্থক্য থাকলে যান চলাচলে বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং নির্মাণ শেষ হওয়ার পর নিয়মিত রক্ষণাবেক্ষণের পরিকল্পনা থাকা জরুরি। এসব বিষয়ে যথাযথ পরিকল্পনা ও তদারকি না থাকলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সড়ক থেকে প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে।”

মানিকগঞ্জ-১ (ঘিওর,দৌলতপুর,শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত মহাসড়কের নির্মাণকাজে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে এবং নির্মাণে ত্রুটি থাকলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। তাই প্রকল্পের কাজের মান, পরিবেশগত সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কোথাও অনিয়ম বা গাফিলতির অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি নির্মাণ শেষে সড়কটির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে জনগণের অর্থে নির্মিত অবকাঠামো দীর্ঘস্থায়ী হয়। সড়ক নির্মানের অনিয়মগুলো যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এ বিভাগের আরও সংবাদ