মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জের ঘিওরে ‘শহীদ জিয়া স্মৃতি নকআউট হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঘিওর ডি. এন. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বানিয়াজুরী স্পোর্টিং ক্লাব ও বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনাইয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আয়োজক কমিটির হাতে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন। এছাড়া টুর্নামেন্টের ফাইনাল খেলায়ও আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত আলী খানসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।





