মানিকগঞ্জে আয়োজিত প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লিটন-পিন্টু জুটি।
বুধবার (১৮ নভেম্বর) রাতে স্থানীয় টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে দোলন-মাসুদ রায়হান জুটিকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে তারা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন,পুলিশ নারী কল্যাণ সমিতি জেলা কমিটির সভানেত্রী খাদিজা আক্তার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার ও মানিকগঞ্জ টেনিস ক্লাবের সভাপতি মোহাম্মদ সারওয়ার আলম, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দীন এবং টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তানজিলুর ফারগানি তানজু।
এছাড়াও ক্রীড়ামোদী দর্শক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন মাঠে থাকা দর্শকরা।





