মানিকগঞ্জের দৌলতপুরে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার আমতলী ফেদু সেক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে ছোট লাউতারা ইউনাইটেড ক্লাব বনাম চরখলসী স্পোর্টিং ক্লাব।
আমতলী একতা যুব সংঘের আয়োজনে এবং লাউতারা, বৈন্যা ও বড়টিয়া গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালুকদার গ্রুপের প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং লায়ন্স ক্লাব, ঢাকা আরলিয়া অরবিট (জেলা ৩১৫ বি-২)-এর ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ফরিদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা. মো. আব্দুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক একটি সমাজ ও জাতির সবচেয়ে বড় শত্রু। আমাদের প্রাণপ্রিয় যুবসমাজকে এই মরণব্যাধি মাদকের হাত থেকে রক্ষা করতেই হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম সেরা মাধ্যম, যা তাদের অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধমূলক পথ থেকে দূরে রাখে। একটি সুস্থ, চাঙ্গা ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে গ্রামে গ্রামে এমন সুস্থ বিনোদনমূলক টুর্নামেন্টের আয়োজনের বিকল্প নেই। মাদকমুক্ত ও আলোকিত সমাজ গঠনে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উদ্বোধনী বক্তব্যে ডা. মো. আব্দুল হাকিম যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, মাদক ধীরে ধীরে আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারুণ্যের এই শক্তিকে রক্ষা করতে হলে মাঠে মাঠে ক্রীড়া চর্চা ফিরিয়ে আনতে হবে। আজকের এই সুন্দর আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে ইতিবাচক চিন্তাভাবনা ও সুস্থ মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার জয়যাত্রাই পারে আমাদের তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে।
জিয়নপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আশরাফ আলীর সভাপতিত্বে এবং আমতলী ফেদু সেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব গাজী মো. জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৪ নম্বর জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হালিম শাওন, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকমাল হোসেনসহ স্থানীয় সুশীল সমাজের সম্মানিত প্রতিনিধিবৃন্দ।
গ্রামাঞ্চলের এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ছিল উপচে পড়া ভিড় ও ব্যাপক উদ্দীপনা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠজুড়ে হাজারো দর্শকের সমাগম ঘটে এবং পুরো এলাকা জুড়ে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





