নাটোরের বড়াইগ্রামে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হতাহতদের বেশিরভাগই বাসযাত্রী।
এর আগে ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে নয়জন ও হাসপাতালে নেওয়ার পর বাকি পাঁচজন মারা গেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় সনাক্ত করা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ( এসআই) মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সূত্র: বাংলানিউজ





