খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, চলতি অর্থবছরে আমন মৌসুমে সারা দেশে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান এবং মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। কৃষকের উৎপাদন ব্যয় ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চালের মূল্য ৪৮ টাকা নির্ধারণ করেছে।
তিনি আরও বলেন, প্রতি মণ (৪০ কেজি) মানসম্মত ধান সরকারি সংগ্রহ কেন্দ্রে বিক্রি করে কৃষক ১ হাজার ৪০০ টাকা পাবেন। চলতি বছরের ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে, চাল সংগ্রহ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
খাদ্যমন্ত্রী বলেন, এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কৃষকের স্বার্থ সুরক্ষা, খাদ্য সংগ্রহ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং কার্যকর বিতরণ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সরকারি গুদামে পর্যাপ্ত মজুত গড়ে তুলে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিম্নআয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম সচল রাখার পরিকল্পনা রয়েছে।
উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরকারি খাদ্য মজুত ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যঘাটতি কিংবা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সরকারি মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় ধান-চাল সরবরাহের বিপরীতে কৃষকদের মূল্য পরিশোধে কোনো ধরনের বিলম্ব না করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার সারওয়ার আলম এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে নির্ধারিত ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের মধ্যে ঢাকা বিভাগে সংগ্রহ করা হবে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন। এর মধ্যে মানিকগঞ্জ জেলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২২ মেট্রিক টন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলার মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২ মেট্রিক টন, শিবালয়ে ২৮৩ মেট্রিক টন, ঘিওরে ৩৩৯ মেট্রিক টন, সাটুরিয়ায় ১২৭ মেট্রিক টন, সিংগাইরে ২২১ মেট্রিক টন, হরিরামপুরে ৭৪ মেট্রিক টন এবং দৌলতপুরে ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।





