শিরোনাম
Advertisement
সারাদেশ

সনাতনীদের আস্থায় ধানের শীষ: এমপি জিন্নাহ কবির

Advertisement
দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করছেন এমপি এস এ জিন্নাহ কবিরছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপিকে দেশ পরিচালনায় অধিষ্ঠিত করার লক্ষ্যে গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা সম্পূর্ণ নির্দ্বিধায় ও ভয়হীন পরিবেশে ধানের শীষে ভোট প্রদান করেছেন।

​শনিবার (১৭ই অক্টোবর) শিবালয় উপজেলা বিএনপি কার্যালয়ে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৯৪টি পূজা মণ্ডপের জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​তিনি আরও বলেন, অনেকেই অপপ্রচার চালান যে এ দেশে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ নন। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—দেশের প্রতিটি ইঞ্চি মাটি তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার, সম্মান ও নিরাপত্তা নিয়ে বাস করতে পারেন, তা নিশ্চিত করতেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই সম্প্রীতির বাংলাদেশে কোনো প্রকার বৈষম্য বা সাম্প্রদায়িক উসকানির স্থান নেই।

​অনুষ্ঠানে এমপি জিন্নাহ কবির উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত দিকনির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীরা যেন আসন্ন দুর্গাপূজা আনন্দমুখর, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ব্যাপক সহায়তা ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিগত যেকোনো সময়ের তুলনায় এবার অনুদান ও সহযোগিতার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। বিএনপি প্রমাণ করতে চায়—সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যেন নিরাপদ, নিশ্চিন্ত ও শান্তিতে জীবন-যাপন করতে পারেন। বাংলাদেশের প্রতিটি অঞ্চলই তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ।

​তিনি আরও জানান, দেশের প্রতিটি এলাকায় পূজা আয়োজন যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন ও চাপমুক্ত পরিবেশে সম্পন্ন হয়। সে জন্য নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​এমপি জিন্নাহ কবির আরও যোগ করে বলেন, আমাদের লক্ষ্য কেবল একটি উৎসব সুন্দরভাবে সম্পন্ন করা নয়। পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য বাংলাদেশে রয়েছে, তাকে আরও সুদৃঢ় করা। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই নীতিতে বিশ্বাস করে বিএনপি প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রক্ষায় সচেষ্ট রয়েছে। যেকোনো চক্রান্ত বা অপপ্রচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান বজায় থাকবে।

​শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে এমপি-পত্নী সায়লা কবির বস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এবং এমপি-কন্যা তাসফিয়া কবীর উদিতা।

​এ সময় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ